নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমার বিশ্বাস; নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রী, যারা এই কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে এবং সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন, সেই আদেশ তারা মেনে অবশ্যই ঘরে ফিরে যাবে। আর আরো বড় কথা হচ্ছে, আমি বিশ্বাস করি, জনগণের অসুবিধা হয়, এমন সবকিছু পরিহার করে তারা তাদের ব্যবস্থা নিবে।
তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব, জনগণের সুবিধা-অসুবিধা দেখা। জানমাল রক্ষা করা। সেখানে যদি কেউ বাধাগ্রস্ত করে, সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে।
শুক্রবার (১২ জুলাই) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্ন ছিলো, উচ্চ আদালতের রায়ের পরেও কোটা আন্দোলন অব্যাহত রয়েছে। এর মধ্যে কোনা রাজনৈতিক গন্ধ পাচ্ছেন কি না?
জবাবে আনিসুল হক বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের ১৭ জন সদস্যসহ হত্যা করেছে, সেই প্রেতাত্মা আজকে যে কিছুটা হলেও এই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না- সেটা তো আমি অস্বীকার করতে পারব না। সেটা আপনারাও বুঝতেছেন, আমরাও বুঝতেছি।
এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাব উদ্দিন বেগ শাপলু এবং সাবেক ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভুঁইয়া প্রমুখ।

0 Comments