বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার প্রতিষ্ঠানের মধ্যে জোরালো দ্বিপক্ষীয় বাণিজ্য, ব্যবসা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসায়িক সহযোগিতা জোরদার করতে বেসিস চালু করেছে আমেরিকা ডেস্ক।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস, মার্কিন দূতাবাসের ইকোনমিক অফিসার জেমস গার্ডিনার ও ইক্যাব সভাপতি শমী কায়সার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন, বেসিস আমেরিকা ডেস্ক আইসিটি খাতে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান সমন্বয়ের মাইলফলক। বদ্ধ বাজার থেকে উন্মুক্ত বাজার বেশি ভালো। সফটওয়্যার ও পোশাক রপ্তানিতে এআই প্রযুক্তির সুদক্ষ ব্যবহার করতে পারে বাংলাদেশ। এ কাজে মানবসম্পদ উন্নয়ন ও বিনিয়োগ বাড়াতে হবে। তবে পার্শ্ববর্তী দেশের চেয়ে কম মূল্যে তাদের চেয়ে ভালো সেবা দিতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা সল্যুশন দিয়ে তারা তাদের ব্যবসা বাড়াতে পারে। প্রত্যাশা করছি বেসিস-আমেরিকা ডেস্ক যুক্তরাষ্ট্রে রপ্তানি বাজারকে সমৃদ্ধ করবে। নতুন উদ্যোগ দুই দেশের তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, ব্যবসা সম্প্রসারণ ও ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে সহায়ক হবে।
যুক্তরাষ্ট্র বাংলাদেশি সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি পণ্য ও পরিষেবার জন্য সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য, যা মোট রপ্তানি আয়ের প্রায় ২৭ শতাংশ। বেসিস-আমেরিকা ডেস্ক নিবেদিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের কাছে সর্বশেষ প্রযুক্তিগত অগ্রগতি প্রদর্শন, সেমিনার ও বিটুবির মাধ্যমে তথ্যবিনিময়, প্রশিক্ষণ প্রোগ্রাম ও কর্মশালার আয়োজন করে বেসিস সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে প্রত্যক্ষ কাজ করবে।
সভাপতি (বেসিস) রাসেল টি আহমেদ বলেন, বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধির বিকল্প নেই। দৃঢ়ভাবে বলতে পারি, ভবিষ্যতে আইটি খাত লক্ষ্যে পূরণে ভূমিকা রাখবে। বেসিস আমেরিকা ডেস্কের মাধ্যমে আগামী পাঁচ থেকে ছয় বছরে শুধু যুক্তরাষ্ট্রে বাংলাদেশের আইটি সেবা রপ্তানি বৃদ্ধির মাধ্যমে খাত থেকে পাঁচ বিলিয়ন রপ্তানি আয় করা সম্ভব। লক্ষ্য পূরণে বেসিস-আমেরিকা ডেস্ক বাংলাদেশি প্রতিষ্ঠানকে মার্কিন বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করবে।
সূত্রঃ সমকাল

0 Comments